বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযগ করেছেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনে বিএনপি ভোট ডাকাতি করেছে। এ দুই আসনে নতুন করে নির্বাচনের দাবিও জানান জামায়াতের এই নেতা।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্যে করেন।
গোলাম পরওয়ার বলেন, দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা প্রমাণ হয়েছে। এই দুটি আসনে উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না।
তিনি বলেন, বগুড়ার নির্বাচনে যে হামলার ঘটনা ঘটেছে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই দুই আসনের নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণা করা হোক। সংসদে দাঁড়িয়ে সদস্যরা বলছেন যে, একটি নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, নির্বাচন কমিশনও একই কথা বলছে। অথচ গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয় এমন অনেক ব্যক্তি ভোটকেন্দ্রে ঢুকে পড়ছেন। তারপরও কিভাবে প্রধান নির্বাচন কমিশনার বলতে পারেন যে নির্বাচন নিরপেক্ষ হয়েছে?
সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতে ইস্লামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপির সদস্য সচিব ও এমপি আখতার হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।
আই/এ