রাজনীতি

আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সরকারের উচিৎ কঠোর পদক্ষেপ নেওয়া। নতুবা তাদের ব্যর্থতার কথা স্বীকার করা।

সোমবার (৫ অক্টোবর) ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ উপলক্ষে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, এখন আবার মিছিলে হামলা-বাধা, মিথ্যা মামলা এবং সেই ফ্যাসিবাদী কায়দা শুরু হয়েছে। সরকার সংকীর্ণ ও নির্লজ্জ দলীয়করণ করছে। ওপর থেকে শুরু করে গ্রামগঞ্জের স্কুল, কলেজ কমিটি, হাট-বাজার কমিটি, এমপিদের বরাদ্দসহ প্রত্যেকটি জায়গায় দলীয় হস্তক্ষেপ চলছে। সরকারি দলের সংরক্ষিত নারী এমপিদের বিরোধীদলীয় নির্বাচিত এমপিদের উপর খবরদারি করতে লাগিয়ে দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকারি, আধা সরকারি বিভিন্ন পদে ছাত্রদল, যুবদল ও বিএনপির চিহ্নিত লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। বিসিএস ও প্রাইমারী স্কুলের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভেরিফিকেশনের নামে তাদের নিয়োগ না দিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার অপচেষ্টা চলছে। দুর্নীতি, দখল ও চাঁদাবাজি সারা দেশে চলছে। সরকারের ৭ মাসে তা বেড়েই চলেছে।

এ জামায়াত নেতা বলেন, বিদ্যুৎ, গ্যাস ও সার, জ্বালনি সংকট নিরসন করতে হবে। এলপিজির দাম আবার বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ বেড়েছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চাল ডালের দাম বেড়েছে, পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। দ্রব্যমূল নিয়ন্ত্রণ করা আমাদের অন্যতম দাবি।

আসন্ন লংমার্চ নিয়ে তিনি আরও বলেন, আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখের লংমার্চের উদ্বোধনী সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সকাল ৮টায় মাওয়া সড়ক হয়ে পদ্মাসেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, ফকিরহাট(বাগেরহাট), রূপসা ব্রিজ হয়ে খুলনা। অতঃপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের বহর।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গোলাম পরওয়ার