ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় বলার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ মূলত রসূল (সা.) এর বিচারব্যবস্থাকেই অবজ্ঞা করেছেন বলে দাবি করেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। মন্ত্রীর এ মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (২২ মে) দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য রাসূল (সা.)–এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল। সরকারের নীতিনির্ধারকরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াবিরোধী কোনও আইন প্রণয়ন না করার’ অঙ্গীকার ব্যক্ত করে থাকেন।
তিনি দাবি করেন, বাস্তবে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় করেন।এ ধরনের মন্তব্য সরকারের আদর্শিক দেউলিয়াত্ব, রাজনৈতিক দ্বিচারিতা ও অসঙ্গতির বহিঃপ্রকাশ।
বিবৃতিতে অবমাননাকর মন্তব্য প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি।
আই/এ