জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
‘নসীব’ সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
শুটিংয়ে অংশ নিতে গেল ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন অভিনেতা। শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, আগামীকাল সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা ছিল।
ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে অভিনেতাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে অন্য সদস্যরাও ছুটে আসেন।
এরপর দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এমএ//