যুদ্ধকে বৈধতা দেওয়ার জন্য ধর্ম বা ঈশ্বরের নাম ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। রোববার (২৯ মার্চ) পাম সানডে উপলক্ষে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাজারো মানুষের উপস্থিতিতে দেওয়া ধর্মোপদেশে পোপ বলেন, ঈশ্বর কখনোই সহিংসতাকে সমর্থন করেন না। বরং তিনি নিপীড়িতদের পাশে থাকেন এবং যুদ্ধকে প্রত্যাখ্যান করেন।
তিনি উল্লেখ করেন, যিশু শান্তির প্রতীক এবং তাকে যুদ্ধের পক্ষে ব্যবহার করা যায় না। যারা যুদ্ধ চালায়, তাদের প্রার্থনাও ঈশ্বর গ্রহণ করেন না।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান সংঘাত এবং একই সময়ে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে পোপ এই বক্তব্য দেন। তিনি বলেন, বিভিন্ন পক্ষ নিজেদের কর্মকাণ্ডকে ন্যায্য প্রমাণ করতে ধর্মকে ব্যবহার করছে, যা উদ্বেগজনক।
ইরান যুদ্ধে বিভিন্ন পক্ষ নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে ধর্মীয় যুক্তি ব্যবহার করছে। বিশেষ করে কিছু মার্কিন কর্মকর্তা খ্রিস্টান বিশ্বাসকে উল্লেখ করে যুদ্ধকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। অন্যদিকে, রাশিয়ার অর্থোডক্স চার্চ ইউক্রেন যুদ্ধকে ‘পবিত্র যুদ্ধ’ হিসেবে তুলে ধরেছে।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
এছাড়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করেছে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা বর্তমানে রাশিয়া দখল করে রেখেছে। যুদ্ধে উভয় পক্ষে বিপুল সামরিক-বেসামরিক প্রাণহানি ঘটেছে।
এমএ//