নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে ভারতের অত্যন্ত গোপন সামরিক তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত উইং কমান্ডার ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচার করেছেন।
পুলিশের মতে, এসব তথ্য শত্রুপক্ষের হাতে পৌঁছালে ভারতের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। সরকারি গোপনীয়তা আইনে দায়ের করা মামলায় গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন ওই কর্মকর্তা।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ জানায়, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি ওই ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অভিযুক্ত কর্মকর্তার। এ সময়ের মধ্যে তিনি একাধিক গোপন সামরিক নথি সরবরাহ করেন। গত ১ এপ্রিল নিজের কার্যালয়ে স্মার্টফোন বহনের সময় সন্দেহের ভিত্তিতে তাকে আটক ও তল্লাশি করা হলে তথ্য পাচারের বিষয়টি সামনে আসে।
দিল্লি পুলিশের অভিযোগপত্রে তথ্য আদান-প্রদানের একটি ব্যতিক্রমী কৌশলের বিবরণও উঠে এসেছে। এতে বলা হয়, পাকিস্তানি ওই ব্যক্তি প্রথমে উইং কমান্ডারকে একটি নগ্ন ছবি পাঠান। এর জবাবে ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি পাতার ছবি তুলে পাঠান অভিযুক্ত কর্মকর্তা। পরে তিনি নিজেই প্রস্তাব দেন, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নথির একটি করে পাতা সরবরাহ করবেন।
যেসব সামরিক তথ্য পাচারের অভিযোগ
অভিযোগপত্র অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো ও পরিচালন পদ্ধতির বিস্তারিত তথ্য পাকিস্তানি ওই ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছেন অভিযুক্ত কর্মকর্তা।
পাচার হওয়া তথ্যের মধ্যে ছিল ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন, কার্যক্ষমতা, একটানা আকাশে ওড়ার সময়সীমা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তি সম্পর্কিত স্পর্শকাতর বিবরণ।
এ ছাড়া যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ ওই ড্রোন ইউনিটটি কোথায় কোথায় মোতায়েন করা হতে পারে, সেই সম্ভাব্য অবস্থানের তথ্যও ফাঁস করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্তকারীদের ধারণা, এসব তথ্যের মাধ্যমে ভারতের সামরিক বাহিনীর প্রস্তুতি ও যুদ্ধকৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেতে পারে প্রতিপক্ষ।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, লাদাখের লেহ অঞ্চলে ভারতীয় যুদ্ধবিমান মোতায়েনের বিস্তারিত তথ্য এবং রাজস্থানের সুরাটগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত সামরিক মহড়ার তথ্যও পাচার করেছেন ওই কর্মকর্তা।
পাশাপাশি ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান এবং যুদ্ধের সময় সেনা মোতায়েনের পরিকল্পনাও পাকিস্তানি ওই ব্যক্তির কাছে সরবরাহের অভিযোগ রয়েছে। পুলিশের মতে, এসব তথ্য ফাঁস হলে সামরিক স্থাপনা ও অভিযান পরিচালনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
অধীনস্থ পাঁচ কর্মকর্তার যন্ত্রেও গুপ্তচর সফটওয়্যার
তদন্তে আরও উঠে এসেছে, পাকিস্তানি ওই ব্যক্তি অভিযুক্ত উইং কমান্ডারকে ক্ষতিকর সফটওয়্যারযুক্ত কয়েকটি অ্যাপ ও ওয়েব সংযোগ পাঠিয়েছিলেন। এসবের মাধ্যমে মুঠোফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে সংরক্ষিত গোপন নথিতে প্রবেশের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।
দিল্লি পুলিশের অভিযোগপত্রে দাবি করা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা নিজের অধীনে কর্মরত পাঁচ সামরিক কর্মকর্তার ইলেকট্রনিক যন্ত্রে কৌশলে ওই ক্ষতিকর সফটওয়্যার স্থাপনের ব্যবস্থা করেন।
পুলিশের সন্দেহ, এর মাধ্যমে ওই পাঁচ কর্মকর্তার যন্ত্রে থাকা সংবেদনশীল তথ্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের গোপন যোগাযোগের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ, নিজের মাধ্যমে তথ্য পাচারের পাশাপাশি অধীনস্থ কর্মকর্তাদের যন্ত্র ব্যবহার করেও গোয়েন্দা তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করেছিলেন তিনি।
হোয়াটসঅ্যাপে হাজারো বার্তা আদান-প্রদান
তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানি ওই ব্যক্তির মধ্যে হওয়া যোগাযোগের ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে দিল্লি পুলিশ।
উইং কমান্ডারের হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে মোট ৩ হাজার ৮টি খুদে বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি প্রতিক্রিয়া, ৪২টি কণ্ঠস্বরের কল, ৪টি ভিডিও কল এবং ৬টি ওয়েব সংযোগ আদান-প্রদান হয়েছে।
এসব ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে আরও কোনো সংবেদনশীল সামরিক তথ্য পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় বিমানবাহিনীর ভেতরে কিংবা বাইরে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।