শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, রোববার (১৫ অক্টোবর) থেকে এসব কারখানা বন্ধ থাকবে।
টানা ১৫ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বিভিন্ন কারখানায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ চলছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ সংবাদ সম্মেলনে কারখানা বন্ধের সিদ্ধান্ত জানায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, একটি মহল ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় অর্থনীতিও।
এর আগে শনিবার সকালেই আশুলিয়ায় ৪০টির বেশি কারখানার ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এ ছাড়া আরও আটটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়। বন্ধের তালিকায় রয়েছে ফ্যাশন ডট কম, আলপস অ্যাপারেলস, ঈগল টেক্সটাইল, এনভয় গ্রুপ ও নিউ এইজ গ্রুপসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান।
তবে আশুলিয়ার অন্য এলাকাগুলোর অধিকাংশ কারখানায় রোববার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় স্বাভাবিক নিয়মেই উৎপাদন চলছে।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র্যাব ও বিজিবি। শ্রমিক অসন্তোষের ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ন্যূনতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না বলে জানিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুরো পোশাকশিল্প খাত। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এসি//