পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে এসব পারমাণবিক জ্বালানি প্রকল্পে নেওয়া হয়।
এ নিয়ে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত এক চালানসহ দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান গ্রহণ করল রূপপুর কর্তৃপক্ষ। সব মিলিয়ে এ পর্যন্ত ছয়টি চালান দেশে পৌঁছেছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম চলছে।
গেল ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে এ কার্যক্রম শুরুর অনুমোদন দেন।
স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালনা ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে চলতি নভেম্বরেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। তবে এ জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন এবং নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
এমএ//