ব্রাজিলের আমাজনে দাবানলের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আগুনের ভয়াবহতা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির রাজ্য সরকার। আগামী ১২০ দিন পর্যন্ত এই জরুরি অবস্থা বহাল থাকবে।
শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম দিন থেকে এ পর্যন্ত রাজ্যটিতে দাবানলের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গেল ৪৮ ঘণ্টাতেই প্রায় ৭০০টি সক্রিয় আগুনের ঘটনা শনাক্ত হয়েছে। খরা পরিস্থিতি ও এল নিনোর প্রভাবে বাড়তি তাপমাত্রা আগুনের বিস্তারকে আরও গতিশীল করছে।
রাজ্য সরকার জানিয়েছে, জরুরি অবস্থা জারির পর চারণভূমি পরিষ্কারের জন্য আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি চলমান দাবানল নেভানো এবং নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে বাড়তি জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়োগ করা হবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, খরার প্রভাবে গাছপালা শুকিয়ে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে যার ফলে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এতে জনজীবন, বনাঞ্চল ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ঝুঁকি বাড়ছে। আগামী ডিসেম্বর মাসে দাবানলের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।