বাগেরহাটের মোংলায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মোংলা ডিপোতে ডিজেলের বিপুল পরিমাণ অবৈধ মজুত পাওয়া গেছে। এ তেলের পরিমাণ ১২ হাজার ৬১৩ লিটার। এ অবস্থায় এই ডিপো থেকে তেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আজ (২৯ মার্চ) যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রশাসনের সহায়তায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যমুনা অয়েল ডিপোতে রাতভর তল্লাশি চালিয়ে অতিরিক্ত ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধারকৃত তেল পাচারের উদ্দেশে সরিয়ে ফেলার প্রস্তুতি চলছিল, এমন তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালিত হয়। তল্লাশির সময় ডিপোর তিনটি ট্যাংকে তেলের পরিমাণে অসঙ্গতি পাওয়া গেছে। এসব ট্যাংকে লিখিত নথি অনুযায়ী বেশি ডিজেল মজুত রাখা ছিল।
এ পরিস্থিতিতে পলাতক ডিপোর ম্যানেজার (অপারেশন) আল আমিন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আই/এ