আন্তর্জাতিক

প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ সরকার গঠনের রাজনৈতিক সমীকরণে সেই দলগুলোরই সমর্থন চেয়েছিলেন তিনি। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সদস্য আহমাদ তিবি। নিজের দাবির পক্ষে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো ব্যক্তিগত বার্তার কথাও সামনে এনেছেন তিনি। এ নিয়ে ইসরায়েলের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদ তিবি অভিযোগ করেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ব্যর্থ করতে আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করেছিল নেতানিয়াহুর পক্ষ।

তিবির দাবি, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণের পরদিন এবং ফল প্রকাশের পরও নেতানিয়াহুর ব্যক্তিগত উপদেষ্টা নাতান এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে নিজের মুঠোফোনে আসা কয়েকটি বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। তবে ছবির মান অস্পষ্ট হওয়ায় সেগুলোর লেখা স্পষ্টভাবে পড়া যায়নি।

আহমাদ তিবির অভিযোগ, প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার বিরোধিতা করলেও রাজনৈতিক প্রয়োজনে তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করেছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। নেতানিয়াহুর এই দুই ধরনের অবস্থান তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে ব্যক্তিগত তৎপরতার বৈপরীত্য প্রকাশ করে।

সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনেন না উল্লেখ করে তিবি জানান, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পরই তিনি এসব তথ্য প্রকাশের সিদ্ধান্ত নেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহুকে উদ্দেশ করে তিবি বলেন, আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।

তিবি আরও দাবি করেন, চলতি সপ্তাহেও নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিয়ে নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ করেন।

এ সময় তিনি বলেছিলেন, তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।

তবে আহমাদ তিবির সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেছে। তাদের দাবি, আরব রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

লিকুদ পার্টি আরও বলেছে, যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সহযোগিতা করে না দলটি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বেনিয়ামিন নেতানিয়াহু