দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে চলতি নভেম্বরেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। সব পরীক্ষা সফল হলে আগামী ডিসেম্বরে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে।
রাশিয়ার প্রযুক্তি ও কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়। কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কারিগরি কাজে কোনো সমস্যা না হলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, কবে থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব এ কার্যক্রম শুরুর চেষ্টা চলছে।
তিনি আরও জানান, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের প্রতিটি ধাপ পরীক্ষা করা হবে। কোথাও কোনো ত্রুটি বা কারিগরি সমস্যা আছে কি না, তা যাচাই করা হবে। সব পরীক্ষা সন্তোষজনকভাবে শেষ হলেই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে।