ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিইআরসি এ সংক্রান্ত ঘোষণা দেয়। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৫৬ টাকা।
চলতি মাসের ২ ফেব্রুয়ারি সর্বশেষ মূল্যসমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তবে, ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে ও জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করেছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর ধারাবাহিকতায় এলপিজির দাম কমানো হয়েছে।
এছাড়া, ২৩ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২৮ পয়সা কমিয়ে মূসকসহ ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল।
এমএ//