জাতীয়

‘১৯৭১ সালে বাঙালিকে সাহায্য নয়, পাকিস্তানকে দুর্বল করাই ভারতের লক্ষ্য ছিল’

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালিকে সহায়তা করার চেয়ে পাকিস্তানকে দুর্বল করাই ভারতের মূল উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার অভিযোগ করেন, গেল ১৫ বছর বাংলাদেশকে একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করা হয়েছিল। ওই সময়ে বিদেশি প্রভাবের কারণে দেশের মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তিনি দেশে ফিরলে সরাসরি কারাগারে পাঠানো হবে। শেখ হাসিনা একটি ‘মুসলিমবিরোধী দেশে’ আশ্রয় নিয়েছেন বলেও মন্তব্য করেন স্পিকার। ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শেখ হাসিনা আগামী এক দশক তিনি বাংলাদেশের বাইরে থাকবেন উল্লেখ করে স্পিকার বলেন দলীয় সমর্থকদের আশ্বস্ত করতেই দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি।

ইসলামাবাদে বক্তব্যের এক পর্যায়ে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সংকট সমাধানের আহ্বান জানান স্পিকার। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

এছাড়া ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানান হাফিজ উদ্দিন আহমেদ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মেজর হাফিজ উদ্দিন আহমেদ #স্পিকার #পাকিস্তান #ভারত