রাজধানীর হাজারীবাগে বাসার ভেতরে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোসাম্মৎ পারভীন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সন্তান শারমিন (২২) ও নাফি (১২) গুরুতর আহত হয়েছে। নিহত পারভীন সিটি করপোরেশনের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগ থানাধীন মাজার বটতলা এলাকায় জামেয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার পাশে ২৩/১ নম্বর বাসার দোতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত পারভীন ওই বাড়ির দোতলার ভাড়াটিয়া ছিলেন। তার স্বামী মনোয়ার হোসেন প্রবাসে থাকেন। বাসার ভেতরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পারভীনের হাত পা বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং তার দুই সন্তান গুরুতর আহত হয়।
খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহত শারমিনকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাফিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
আই/এ