কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকার পরিত্যক্ত নলকূপ থেকে টানা ৩০ দিন ধরে নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ বন্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এরপরে এই এলাকায় গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কাজ শুরু হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলের পর আগুনের চাপ কমিয়ে ধাপে ধাপে গর্তের মুখ বন্ধের কার্যক্রম শুরু হবে। বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর। পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ এবং বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। সফল হলে শেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
রকিবুল হাসান বলেন, প্রাথমিকভাবে এখানে একটি গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলে ইনানী ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ শুরু করা হবে। এটি শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মূল কাঠামো বা রিজার্ভের অবস্থান নির্ধারণ করা হবে।
এদিকে আজ সকালে আগুনের মুখবন্ধের ৭ মিনিটের মাথায় আবারও আগুন ধরার ঘটনা ঘটে।
এর আগে গত ২৭ অক্টোবর ওই এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। শুরুতে বিষয়টিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ মনে করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের পরও আগুন না নিভে অব্যাহতভাবে জ্বলতে থাকায় বাপেক্সে বড় ধরনের গ্যাস থাকার সম্ভাবনা বিবেচনায় নেন।
আই/এ