রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় ৩৫টি মামলা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮, লালবাগে ৫৭, ওয়ারীতে ৭৮, মতিঝিলে ৫২, তেজগাঁওয়ে ৬৪, মিরপুরে ১৬৫, গুলশানে ৫০, উত্তরা বিভাগে ৪২ ও গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪ পিস ইয়াবা ও ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসি//