অপরাধ

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকে ঢাকায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে রাজধানীর নিউমার্কেট এলাকার আরেক সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।

তিনি জানান, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যা মামলার তদন্তে তার নাম আসায় এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় তার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে মো. আকতার হোসেন বলেন, “তদন্তে নাম আসায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ঘটনার সঙ্গে তার প্রকৃত সম্পৃক্ততার মাত্রা আশা করছি উঠে আসবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার অবস্থাও পর্যালোচনা করা হচ্ছে। কোনো মামলার তদন্ত চলছে, আবার কোনো কোনো মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। সবকিছু পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করার সময় তাকে আটক করা হয়। এর চার দিন আগে তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন বলে জানা গেছে।

তবে তার দেশে আসা ও আবার বিদেশে যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করেছে। বিদেশযাত্রা এবং কোথা থেকে তিনি এসেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে জানা যাবে।

মো. আকতার হোসেন আরও বলেন, “ডিএমপি প্রতিনিয়ত চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন অভিযান পরিচালনা করছে। নজরদারি গ্রেপ্তারের একটি নিয়মিত প্রক্রিয়া। যখনই সুযোগ ও সক্ষমতা তৈরি হচ্ছে, তখনই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, সুইডেন আসলামের বিরুদ্ধে নয়টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই সন্ত্রাসীকে গ্রেপ্তারে গত প্রায় এক মাস ধরে চেষ্টা চালাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্টও আটকে দেওয়া হয়েছিল। ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডসহ নব্বইয়ের দশকের একাধিক আলোচিত হত্যার ঘটনায় তার নাম উঠে আসে। তখন কিছুসময় তিনি সুইডেনে অবস্থান করেছিলেন। পরে দেশে ফেরার পর তার নাম পরিচয় পায় সুইডেন আসলাম নামে।

এ সম্পর্কিত আরও পড়ুন #সুইডেন আসলাম #টিটন হত্যা #গ্রেপ্তার