স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। প্রশ্ন যখন আসবে ফ্যাসবাদী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, পরদেশি সেবাদাস কোনও পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছাপোষণ করবে- সেই প্রশ্ন যখন আসবে, সেই প্রশ্নে আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আমাদের শিল্পাঞ্চলে অহেতুক তারা উসকানির মধ্য দিয়ে অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে শ্রমিক ভাইদের ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছি। কিন্তু এখনও কিছু দুষ্কৃতিকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতার সৃষ্টি করছে। ওরা তারাই, যারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা তাদেরকে চিনি।
তিনি বলেন, সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। সেই অপশক্তি এখনও সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে উসকানি দিয়ে অগ্নিসন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমরা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যশীলতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করব।
তিনি আরও বলেন, আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও আদর্শ থাকবে, সংসদে তর্ক-বিতর্ক হবে। কিন্তু গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী যেভাবে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেরকম ঐক্য আবার আমরা গড়ে তুলব। সেই ঐক্যকে শক্তি হিসেবে ব্যবহার করে শান্তি-শৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করা হবে।
আই/এ