আইন-বিচার

জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলায় গা শিউরে ওঠা বর্ণনা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গুলি করে হত্যার পর পেট কেটে বের করা হতো নাড়িভুঁড়ি। এরপর গলা ও পায়ের সঙ্গে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে। হত্যার সময় নিজের শরীরে রক্তের ছিটা এড়াতে ব্যবহার করা হতো বালিশ। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে এমন নৃশংসতার বিবরণ তুলে ধরেছে প্রসিকিউশন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা এ মামলায় মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তিতর্ক শুরু হয়। বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানির শুরুতে মামলার বিভিন্ন ঘটনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ সময় জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনানোর পাশাপাশি মামলার ১৩তম সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দির বিভিন্ন অংশ তুলে ধরেন তিনি।

হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে চিফ প্রসিকিউটর জানান, গুলিতে হত্যার সময় নিজের শরীরে রক্তের ছিটা এড়াতে বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় থাকা ব্যক্তিদের গুলি করার পর তাদের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ফেলা হতো। এ কাজে একজন গুলি করতেন, অন্যজন পেট কাটতেন।

এ সময় আমিনুল ইসলাম বলেন, “মাই লর্ড এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে।”

সাক্ষীর জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিবরণ

গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। র‍্যাবে দায়িত্ব পালনের সময় ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব ঘটনায় তৎকালীন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার কথাও উল্লেখ করেন সাবেক এই কর্মকর্তা।

জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী বলেন, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে অফিস চলাকালে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে উপস্থিত হন জিয়াউল আহসান। পরে তাকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে যান তিনি। সেখানে আগে থেকেই র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা একটি ট্রলার প্রস্তুত রেখেছিলেন। ঢাকা থেকে আসা ওই শাখার সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরা একজন ব্যক্তিকেও ট্রলারে তুলে খোলের মধ্যে রাখা হয়।

সাক্ষীর জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে রওনা হয়। প্রায় তিন ঘণ্টা চলার পর ট্রলারের খোল থেকে হাত বাঁধা ব্যক্তিকে বের করে আনতে বলেন জিয়াউল আহসান। এরপর র‍্যাবের চার সদস্য ওই ব্যক্তির গলা ও পায়ের কাছে দুটি সিমেন্টভর্তি বস্তা বেঁধে দেন। তার মাথা ও কান বরাবর একটি ছোট বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করা হয়। এরপর তার পেট কেটে ফেলা হয়।

জবানবন্দিতে সাব্বির রহমান আরও বলেন, নিজের হাত ঢুকিয়ে গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার সঠিকতা নিশ্চিত করতেন একজন র‍্যাব সদস্য। পরে নদীতে জোয়ার-ভাটার কারণে পানির গভীরতা মেপে ট্রলারের গতি কমাতে বলতেন জিয়াউল আহসান। এরপর ইন্টেলিজেন্স উইংয়ের চার সদস্যকে গুলিবিদ্ধ দেহটি সিমেন্টভর্তি বস্তাসহ পানিতে ফেলে দিতে বলতেন তিনি।

ঘটনার পর চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। পথে পরিস্থিতি স্বাভাবিক করতে জিয়াউল আহসান নিজেই বলেন, “এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদেরকে গলফ করতে হবে।”

২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি হত্যাকাণ্ডের বিবরণও জবানবন্দিতে তুলে ধরেন সাব্বির রহমান। ওই ঘটনায় চারজনকে হত্যার কথা উল্লেখ করেন তিনি।

সাক্ষীর জবানবন্দি অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে তিনি জানতে পারেন, পেট কাটা অবস্থায় উদ্ধার হওয়া মরদেহটির ডিএনএ পরীক্ষা করে ব্যক্তিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম হিসেবে শনাক্ত করা হয়েছিল।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে জবানবন্দিতে। ভুক্তভোগীদের পরিবহনসহ এসব অভিযানে ট্রলারটি ব্যবহার করা হয়েছিল বলে জানান সাব্বির।

তিনি জানান, ২০১১ সালের জুনে তাকে ফোন করে জিয়াউল আহসান বলেন, আলকাছ মাঝি গলফ অপারেশনসংক্রান্ত বিভিন্ন তথ্য চরদুয়ানী বাজারে বলে বেড়াচ্ছেন। এতে র‍্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এরপর আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

সুন্দরবনেও চালানো হয় অভিযান

শুধু পাথরঘাটার চরদুয়ানী নয়, সুন্দরবনেও একই ধরনের কার্যক্রম পরিচালনার কথা জবানবন্দিতে তুলে ধরেন সাব্বির রহমান ওসমানী। তার বর্ণনা অনুযায়ী, জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় সুন্দরবনকেন্দ্রিক তিনটি তথাকথিত এনকাউন্টার অভিযান প্রত্যক্ষ করেন তিনি।

এসব ঘটনায় মানসিক যন্ত্রণার কোনো প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন বলে জবানবন্দিতে জানান সাব্বির। চাকরির ১৮ বছর পূর্ণ হওয়ার পর র‍্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে যান বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা

মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটররা। এ ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও শুনানিতে উপস্থিত ছিলেন।

নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে হাজির না হয়ে ভার্চুয়ালি যুক্ত হন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জিয়াউল আহসান #চিফ প্রসিকিউটর