জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার আদালতের বিচারক সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে অ্যাডভোকেট সাথী সাহা জামিন চেয়ে শুনানিতে বলেন, মামলার ঘটনার বহু আগেই রাজনীতি ও সব পেশা থেকে অবসর গ্রহণ করেছেন। রাজপথে মিছিল বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স বা ধৈর্য তার নেই। তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। তার জামিন প্রার্থণা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।
অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
এর আগে, গত ১৯ নভেম্বর মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। সেদিন বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করা হয়।
এমজে/এ