বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার এই উদ্যোগকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার দাবি, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছেন না শেখ হাসিনা।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, শেখ হাসিনা এখন যা করছেন, সব স্ট্যান্টবাজি। তিনি কখনোই ফিরবেন না। তার দেওয়া সব বক্তব্যই ভিত্তিহীন। এই সবকিছুই পলিটিক্যাল স্ট্যান্টবাজি।
চিফ প্রসিকিউটর আরও জানান, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা যে ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার কথা, সেগুলো তিনি নিচ্ছেন না। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।
এদিকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এ জন্য নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। রয়টার্স জানিয়েছে, চিঠিটি দেখার সুযোগ পেয়েছে তারা।
দূতাবাসে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
এসি//