জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ২০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পলাতক আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলায় মোট আসামি ৪১ জন। তাদের মধ্যে ৩০ জন পলাতক রয়েছেন। সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এসব আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের জন্য বলা হবে।

পলাতক আসামিদের তালিকায় শেখ হাসিনা ও জেনারেল আজিজ আহমেদ ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস ও এস এম জাহিদ।

এ ছাড়া যুবলীগের বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকেও আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

পলাতক আসামিদের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ এবং র‍্যাবের সাবেক প্রধান মো. মোখলেছুর রহমানও রয়েছেন।

আরও রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শেখ মুহাম্মাদ মারুফ হাসান, অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুব হোসেন, অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন, ডিআইজি মহা. আশরাফুজ্জামান, ডিআইজি মোহাম্মদ হারুন–অর–রশীদ, ডিআইজি বিপ্লব কুমার সরকার, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার এস এম শিবলী নোমান এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী।

কারাগারে ১১ আসামি

এ মামলার ১১ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজির করা আসামিরা হলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক ডিআইজি মোহা. আব্দুল জলিল মন্ডল।

অসুস্থ থাকায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মতিঝিল #রাজধানী #শাপলা চত্বর হত্যাকাণ্ড