দেশজুড়ে

টোল আদায়কারীর লাথিতে জুলাই যোদ্ধা নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে টোল আদায়কারীর লাথিতে আব্দুল বারেক (৫৫) নামের এক জুলাই যোদ্ধা নিহত হওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুল ইসলাম (১৯) কে আটক করেছে পুলিশ। নিহত জুলাই যোদ্ধা আব্দুল বারেক উপজেলার চকপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মদন-কেন্দুয়া সড়কের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মদন পৌরসভার টোল আদায় করছিলেন আতিকুল ইসলাম। এ সময় সিএনজিচালিত অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে চকপাড়া গ্রামের জুলাই যোদ্ধা আব্দুল বারেকের সঙ্গে তাঁর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আতিকুলের লাথির আঘাতে বারেক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহোযোগিতায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শফিকুল বলেন, আমার বাবা একজন জুলাই যোদ্ধা। তাঁকে অন্যায়ভাবে মেরে হত্যা করা হয়। আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।

ওসি সালাউদ্দীন করিম বলেন, নিহত জুলাই যোদ্ধা আব্দুল বারেক মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই যোদ্ধা #নেত্রকোনা