দেশজুড়ে

অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, বিএনপি নেতাকে শোকজ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় নিবেদিতা দেব (৪১) নামের এক অন্তঃসত্ত্বা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার পেটে লাথি দেওয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় এক ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে। এ সময় ওই শিক্ষিকাকে অনাগত সন্তান সহ তার বাড়ি ঘর পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর)  উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই আনোয়ার হোসেন সহ দুইজনকে উপজেলা বিএনপির সভাপতি স্বাক্ষরিত এক শোকজ নোটিশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেব। গতকাল দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেনের নেতৃত্বে নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে তাঁকে মারধর করেন। এ সময় তাঁর পেটে লাথি মারা হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষক। তাদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। এ ঘটনায় আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নিবেদিতা।

নিবেদিতা দেব জানান, তাঁকে বিদ্যালয়ের বাইরে একটি বৈঠকে যাওয়ার জন্য ডাকা হয়। বৈঠক না গিয়ে বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলার অনুরোধ করেন। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ে এসে তাঁর ওপর হামলা চালান।

তিনি আরও জানান, ‘আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মারেন এবং নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেন। তাঁরা ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার অনাগত সন্তানের ক্ষতি হলে এর দায় তাঁদের নিতে হবে। এ কথা বলার পর তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে সন্তানসহ পুড়িয়ে মারার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন’।

শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুল লোকজন নিয়ে তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন জানান, বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে তাঁরা বৈঠক করছিলেন। সেখান থেকে প্রধান শিক্ষিকাকে বৈঠকে আসার জন্য খবর পাঠায়। তিনি না আসায় নেতাকর্মীদের নিয়ে তাঁর বিদ্যালয়ে যান তিনি। সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা আওয়ামী লীগের লোকজন নিয়ে বৈঠক করতে দেখেন। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তাদেরকে শান্ত করে চলে আসি। তবে তাঁর ওপর হামলা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। তবে দল থেকে শোকজের বিষয়টি স্বীকার করেন। 

উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেন, জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালীর পরামর্শে জরুরি সভা করে তাঁদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্বরত আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, বিদ্যালয়টিতে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন এখনো বাকি। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের বিষয়টি তিনি শুনেছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোটি তদন্ত করা হচ্ছে। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষিকা #লাথি