চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার উদ্দিন (৪০) নামে পুলিশের এক সোর্সকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ আবছার দিঘিপাড়া এলাকার মোহাম্মদ সাহাবু চৌধুরীর ছেলে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর তেমুহনী বাজারের উত্তর পাশে দিঘিরপাড় এলাকায় নিজস্ব ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।
তিনি বলেন,‘দুর্বৃত্তরা শটগানের দুই রাউন্ড এবং নাইন এমএম পিস্তলের দুই রাউন্ড গুলি চালায়। এতে আবছারের পায়ে একটি ও হাতে দুটি গুলি লেগেছে। এ ছাড়া আরেকটি ছররা গুলি বুকে লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’
ওসি আরও বলেন, ‘আবছার বিভিন্ন সময়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতেন। হয়তো সে কারণেই এই ঘটনা ঘটতে পারে। তবে আমরা তদন্ত করছি। কারা ঘটনায় জড়িত, তা জানার চেষ্টা করছি।’
স্থানীয়রা জানান, সন্ধ্যায় দোকানে বসে ছিলেন আবছার। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
এমজে/এ