নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আটককৃত দুলাল মিয়া (৪৫) রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ব্যাঙকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
পুলিশ জানিয়েছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার ঘরে তল্লাশি চালিয়ে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬ টি ভারতীয় নোট পাওয়া যায়। গণনা করে জানা যায়, এতে ভারতীয় ৪ লাখ ৩হাজার রুপি রয়েছে। পরে তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
ওসি মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত করে আসামিকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।
এমজে/এ