আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হতে যাচ্ছে মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক বেশি জন্মহার ও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির কারণে আগামী কয়েক দশকে এ পরিবর্তন ঘটতে পারে। বুধবার প্রকাশিত এক প্রাক্কলনে এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা দাঁড়াতে পারে ২৫২ কোটিতে। আর বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে মুসলমানের সংখ্যা বেড়ে ৩৬০ কোটি হতে পারে। বিপরীতে, খ্রিস্টান জনসংখ্যা দাঁড়াতে পারে ৩০০ কোটিতে।

গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ ছিলেন মুসলমান। ২০৭০ সালে এ হার বেড়ে ৩৭ শতাংশে পৌঁছাতে পারে। অন্যদিকে, খ্রিস্টানদের অনুপাত প্রায় ২৯ শতাংশে স্থির থাকতে পারে। ফলে অনুসারীর সংখ্যায় খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন মুসলমানরা।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে নারীদের তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হারকে চিহ্নিত করেছে পিউ। গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্য ধর্মীয় জনগোষ্ঠীর নারীদের গড় জন্মহার ছিল ১ দশমিক ৬। যা জনসংখ্যার স্বাভাবিক প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ২ দশমিক ১-এর চেয়ে কম।

পিউর গবেষণায় আরও বলা হয়েছে, মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর জনসংখ্যা পরিবর্তনে জন্ম ও মৃত্যুর ব্যবধান সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। পাশাপাশি ধর্ম পরিবর্তনের ঘটনাও জনসংখ্যার হিসাবে ভূমিকা রাখবে। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ধর্ম পরিবর্তনের কারণে ইসলাম ধর্ম থেকে প্রায় ৮০ লাখ অনুসারী কমতে পারে। অন্যদিকে, খ্রিস্টধর্ম থেকে অনুসারী কমার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখে।

গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। একই সময়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হতে পারে ৮০ শতাংশ এবং খ্রিস্টান জনসংখ্যা বাড়তে পারে ৩০ শতাংশ। অর্থাৎ, এ দুই ধর্মের অনুসারী বৃদ্ধির হার বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির সমান বা তার চেয়ে বেশি হতে পারে।

এদিকে, হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যায় তাদের অনুপাত কিছুটা কমে ২০৭০ সালে ১৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। ইহুদিদের ক্ষেত্রে এ হার হতে পারে শূন্য দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা ও বৈশ্বিক জনসংখ্যায় তাদের অংশ—দুটিই কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৭০ সালে বিশ্ব জনসংখ্যায় বৌদ্ধদের অংশ নেমে আসতে পারে ২ দশমিক ৫ শতাংশে।

বাহাই, তাওবাদী, জৈন, শিখ ও বিভিন্ন লোকধর্মের অনুসারীর সংখ্যা কিছুটা বাড়তে পারে। তবে সবগুলো ধর্মীয় জনগোষ্ঠী মিলিয়েও ২০৭০ সালে বিশ্বের মোট জনসংখ্যায় তাদের অংশ ২ শতাংশের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

ধর্মীয় পরিচয় নেই, এমন মানুষের অনুপাতও বিশ্বজুড়ে কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ। এ শ্রেণিতে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও অন্তর্ভুক্ত। ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ২৪ শতাংশের কোনো ধর্মীয় পরিচয় ছিল না। ২০৭০ সালে এ হার কমে ১৭ শতাংশে দাঁড়াতে পারে।

ধর্মীয় জনগোষ্ঠীগুলোর ভৌগোলিক অবস্থানেও পরিবর্তনের আভাস দিয়েছে গবেষণাটি। ২০৭০ সালেও যুক্তরাষ্ট্রে খ্রিস্টধর্ম বৃহত্তম ধর্ম হিসেবে থাকতে পারে। তবে দেশটিতে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ অবস্থান হারাতে পারেন। এ ছাড়া খ্রিস্টানদের সর্বাধিক ঘনত্বের দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।

পিউর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দশকে অধিকাংশ দেশে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়তে পারে। তবে চীনে জনসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা থাকায় বিশ্বজুড়ে এ জনগোষ্ঠীর মোট সংখ্যা বৃদ্ধির প্রভাব তুলনামূলক কম হতে পারে। কারণ, বর্তমানে বিশ্বের অধিকাংশ ধর্মীয় পরিচয়হীন মানুষের বসবাস চীনে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মুসলিম জনগোষ্ঠী