অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬ জন

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।

অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গানপাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ ও ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, একটি বাস, ৫টি মোটরসাইকেল ও ১৪টি মুঠোফোন জব্দ করা হয়। একই সময়ে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

মো. আকতার হোসেন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিএমপি #গ্রেপ্তার