অপরাধ

মুচলেকা দিয়ে মুক্ত রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ও প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদক রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে একই টেলিভিশন চ্যানেলের সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ২০২৪ সালের জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ডিবি কার্যালয় থেকে রাজীব ঘোষকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এর আগে বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, জিজ্ঞাসাবাদে রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।

রাজীব ঘোষ এটিজেএফবির বর্তমান সহসভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য।

বুধবার ডিবিসি নিউজের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক জানিয়েছিলেন, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ডিবি। তবে তখন তাকে নিয়ে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজীব ঘোষ #ইকবাল সোবহান চৌধুরী #শেখ হাসিনা