রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের সংখ্যায় সবচেয়ে বেশি মিরপুর বিভাগে।
সোমবার (০৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে ১৪৯ জন, তেজগাঁওয়ে ৭৭ জন, ওয়ারীতে ৬৭ জন, লালবাগে ৬১ জন, মতিঝিলে ৬০ জন, গুলশানে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং রমনা বিভাগে ২৪ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
ডিএমপি জানায়, রোববার (০৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা, চারটি বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।