জাতীয়

আগুন-ককটেল প্রতিরোধে সারাদেশ আইজিপির কড়া বার্তা

দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে  সারাদেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তবে অভিযানের নামে কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে ব্যাপারেও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন। সেইসঙ্গে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সারাদেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আইজিপি