দেশজুড়ে

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরে বাসার সামনে দিনেদুপুরে দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর নিজের বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গা-ঢাকা দিলেও পুলিশের সাঁড়াশি অভিযানে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় রাখা হয়েছে। অভিযুক্ত ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। 

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া ক্রিসেন্ট ক্লাবের গলিতে নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিল জাকিয়া। টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর গেট খোলার অপেক্ষায় থাকা অবস্থায় পেছন থেকে এসে তার ওপর হামলা চালায় ইমন। ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে সে। এ সময় জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সে বর্তমানে আশঙ্কামুক্ত।

জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার পরিবারের অভিযোগ, কোচিংয়ে পড়ার সময় থেকেই ইমন তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদেরও জানানো হয়েছিল।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর ছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে আরেকটু সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্য কারণ উদঘাটন করা হবে।

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্কুলছাত্রী #ছুরিকাঘাত