আন্তর্জাতিক

শর্তসাপেক্ষে নতুন সরকার গঠনে থাকার সুযোগ পেতে পারেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে জোট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তবে সেই সরকারে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকেও রাখতে চান তিনি। এ জন্য সম্ভাব্য জোটের শরিকদের সামনে চারটি শর্ত দিয়েছেন আইজেনকট।

পিবিএসের প্রতিবেদন অনুযায়ী, রোববার (০৮ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর জাতীয় ঐক্যের আহ্বান জানান আইজেনকট।

তিনি বলেন, আমি মনেপ্রাণে আশা করি যে, যে সরকারই গঠিত হোক না কেন, তা আমাদের জনগণের সকল অংশের মধ্যে ঐক্য, সংযোগ এবং নিরাময় আনবে — কারণ আমাদের অস্তিত্বই এর ওপর নির্ভরশীল, এবং আমাদের দেশ একটাই।

দেশের বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তার মতে, এ মুহূর্তে নতুন করে নির্বাচন আয়োজন করে সময় নষ্ট করার সুযোগ নেই।

আইজেনকট বলেন, লিকুদ ও রিলিজিয়াস জায়নবাদী পার্টির নেতারা যদি সত্যিই জাতীয় ঐক্য চান, তাহলে তার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে তাদের আপত্তি থাকার কথা নয়। কারণ, দেশের স্বার্থে এখন রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন বিদায়ী সরকারের ওপর পার্লামেন্ট নেসেটের ৭৪ জন সদস্য আস্থা হারিয়েছেন বলেও উল্লেখ করেন আইজেনকট।

তার মতে, এই অবস্থান জনগণের মতামতেরই প্রতিফলন।

তবে জোট সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে চারটি শর্ত দিয়েছেন তিনি।

প্রথমত, ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত মূল্যবোধ মেনে নিতে হবে। তৃতীয়ত, সামরিক, জাতীয় অথবা বেসামরিক সেবার মাধ্যমে প্রত্যেকের দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার কথাও বলেছেন তিনি।

চতুর্থ শর্তে আইজেনকট বলেছেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি সংগঠনটির সামরিক শক্তি ও শাসনক্ষমতা ধ্বংস করার প্রতিশ্রুতি দিতে হবে।

এদিকে নির্বাচনের পর ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। আইজেনকটকে দায়িত্ব দেওয়া হলেও নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটেনি। একই সঙ্গে নতুন জোট সরকার গঠনও এখনো নিশ্চিত নয়।

সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে পরে আরও সময় চাইতে পারবেন তিনি।

সূত্র: টাইমস অব ইসরাইল

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #গাদি আইজেনকট #বেনিয়ামিন নেতানিয়াহু