আন্তর্জাতিক

যুদ্ধের আশঙ্কায় অর্থনৈতিক সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কায় জরুরি পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার জন্য সমন্বিত পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছেন ইরানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান গোলামরেজা জালালি।

শুক্রবার (০৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জালালি জানায়, নতুন ধরনের হুমকির মুখে দেশটির অর্থনীতি অন্যতম ঝুঁকিপূর্ণ খাত হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জরুরি অবস্থায় সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ, উৎপাদন কার্যক্রম চালু রাখা এবং কর্মসংস্থান সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দেশের বিদ্যমান সম্পদ ও সক্ষমতার আরও কার্যকর ব্যবস্থাপনার ওপর জোর দেন জালালি।

এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে।

তিনি বলেন, ‘এখন ভাবছি, এই লড়াই কি আরও এগিয়ে নিয়ে গিয়ে একবারেই শেষ করে দেব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে না আসে।’

তিনি আরও বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে সেটাই করতে হতে পারে। আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।’

গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা ইরানবিরোধী যুদ্ধ এখনো শেষ হয়নি বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরতে অন্তত ২৫ বছর সময় লাগবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইসরাইল