গাদি আইজেনকট সরকার গঠনের উদ্যোগ নিলে আনুষ্ঠানিক জোট চুক্তি ছাড়াই তার সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলের আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল রা’আম।
রোববার (০৮ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, দলটির এক জ্যেষ্ঠ নেতার বরাতে এ তথ্য জানিয়েছে হারেৎজ।
প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকটের ৪৮ সদস্যের জোট যাতে অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সমর্থনের ওপর নির্ভরশীল হয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ অবস্থান নিয়েছে রা’আম।
দলটির উদ্দেশ্য, রাজনৈতিক পাল্টা কৌশলের সুযোগ সীমিত করে দ্রুত সরকার গঠন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো। নতুন সরকারের স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা থাকলেও আপাতত সমর্থন দিতে প্রস্তুত তারা।
অন্যদিকে, আরেকটি আরব নেতৃত্বাধীন দল জয়েন্ট লিস্ট এমন সরকার গঠনের পক্ষে ভোট দেবে না। তবে সরকার পতনের কোনো উদ্যোগেও তারা অংশ নেবে না বলে জানিয়েছে দলটি।
হারেৎজের প্রতিবেদনে আরও বলা হয়, পার্লামেন্টের স্পিকার পরিবর্তন এবং বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের বিষয়ে আইজেনকটের জোটের সঙ্গে কাজ করতে আগ্রহী উভয় দল। পাশাপাশি আরব জনগোষ্ঠীর প্রতি সরকারের নীতিতে পরিবর্তন আনার বিষয়টিও তাদের লক্ষ্য।
তবে জয়েন্ট লিস্টের সঙ্গে এখনো কোনো জোট আলোচনা শুরু হয়নি। অন্যদিকে, রা’আম চলমান আলোচনার বিষয়বস্তু গোপন রাখার চেষ্টা করছে।
এদিকে, আইজেনকটের জোটের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরতার বিরোধিতা করেছেন।
এমএ//