আন্তর্জাতিক

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে সাবেক বিশ্বনেতাদের নিয়ে গঠিত ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হয়েছেন ট্রুডো।

গত শুক্রবার (০৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হলেন তিনি।

২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ৫৪ বছর বয়সী জাস্টিন ট্রুডো। তার নেতৃত্বে দেশটির লিবারেল পার্টি দীর্ঘ সময় কেন্দ্রীয় সরকার পরিচালনা করে। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর এবার শিক্ষা ও নীতিনির্ধারণবিষয়ক কার্যক্রমে যুক্ত হচ্ছেন তিনি।

অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ওয়ার্ল্ড লিডার্স সার্কেল মূলত সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে অভিজ্ঞ বিশ্বনেতারা নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করার সুযোগ পান। এ নেটওয়ার্কে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ট্রুডো বলেন, তার প্রধানমন্ত্রিত্বের এক দশকে বিশ্ব রাজনীতি ও প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি, আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন, বৈশ্বিক সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

তিনি বলেন, নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, আন্তর্জাতিক নেতাদের সঙ্গে মতবিনিময় এবং ভবিষ্যৎ সরকার ও নীতিনির্ধারণী নেতৃত্বের সঙ্গে কাজ করার সুযোগ নিয়ে তিনি আগ্রহী। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারগুলো কীভাবে আরও অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে বিষয়ে আলোচনায় অংশ নিতে চান তিনি।

ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ডিন অধ্যাপক নাইরে উডস ট্রুডোকে স্বাগত জানিয়ে বলেন, এক দশকের সরকারি দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্কুলটির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হবে। তার অভিজ্ঞতা থেকে শিক্ষার্থী ও ভবিষ্যৎ নীতিনির্ধারকেরা সরাসরি শেখার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি নভেম্বরের শেষ দিকে ট্রুডোর অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট পরিদর্শনের কথা রয়েছে। সেখানে শিক্ষার্থী, গবেষক ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট বিশ্বজুড়ে সরকারি ব্যবস্থাপনা, নেতৃত্ব ও জননীতি বিষয়ে শিক্ষা ও গবেষণায় কাজ করে। বিভিন্ন দেশের সাবেক সরকারপ্রধানদের যুক্ত করে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই ওয়ার্ল্ড লিডার্স সার্কেলের অন্যতম উদ্দেশ্য।

এ সম্পর্কিত আরও পড়ুন #জাস্টিন ট্রুডো #অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়