বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী (শিবা শানু)। এ পদে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদার গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
গেল ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ দায়িত্ব গ্রহণের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
যোগদানের দিন থেকে পরবর্তী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দেশের অসচ্ছল, অসুস্থ ও অসহায় শিল্পীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। শিল্পীদের কল্যাণে সহায়তা প্রদান করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল হবে।
এমএ//