জাপানে ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার (ওলিস) আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে অংশ নিচ্ছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান। ২১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই সেমিনারটি অনুষ্ঠিত হবে।
ওলিসের প্রেসিডেন্ট সুকাসা ইয়োনেকুরার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সেমিনারে অংশগ্রহণের জন্য তাকে মনোনীত করা হয়। আয়োজকদের সম্পূর্ণ অর্থায়নে এবারের আয়োজনে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তিনি।
এস এম নুরুজ্জামান বাংলাদেশের বীমা শিল্পে দীর্ঘ প্রায় তিন দশক ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। পরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রায় এক দশক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এরপর বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন নুরুজ্জামান।
এস এম নুরুজ্জামান ২০১৩ সালের নভেম্বরে জেনিথ ইসলামী লাইফে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। নিজের মেধা, দক্ষতা ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বর্তমানে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন তিনি।
পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশের বীমা খাতের উন্নয়নেও বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন নুরুজ্জামান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও সেন্ট্রাল শরিয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক প্রয়োজনে তিনি এর আগে জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
জাপানের এ সেমিনারে তার অংশগ্রহণ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পাশাপাশি বাংলাদেশের বীমা খাতের জন্যও ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।