অর্থনীতি

সরবরাহ বাড়লেও কমেনি শীতের আগাম সবজির দাম

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের নতুন সবজি। তবে মৌসুমের আগাম সবজি মিললেও দামের কারণে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকায়। বেশির ভাগ সবজির দাম ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও কয়েক ধরনের সবজির দাম ছাড়িয়েছে ১০০ টাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু ১৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, ঝিঙা ১০০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোলের দাম ১০০ টাকা, কচুমুখী ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, গাজর ১৪০ টাকা এবং শিম ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া, সাধারণ টমেটো ১২০ টাকা ও দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম ১৪০ টাকা, জলপাই ৮০ টাকা এবং নতুন আলু ১৬০ টাকা।

তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি ও পটোলের দামও কেজিপ্রতি ৬০ টাকার মধ্যে।

মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ব্রয়লারের তুলনায় সোনালি মুরগি কিনতে ক্রেতাদের বেশ বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।

মাছের বাজারে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পাঙাশ ও তেলাপিয়া। প্রতি কেজি পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছ ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা এবং বায়লা ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, বড় কাতল মাছের দাম কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং বাইন মাছ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা। দেশি শিং মাছ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি দরে। বড় চিংড়ির দাম ১ হাজার ৪০০ টাকা এবং সাগরের পাঙাশ ১ হাজার ২০০ টাকা।

ইলিশের দামও ক্রেতাদের নাগালের বাইরে। ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজির হিসাবে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ২ হাজার ৬০০ টাকা।

এদিকে, বাজারে প্রতি ডজন বাদামি ডিম ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজারদর #আজকের বাজারদর #সবজি #শীতের সবজি