সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় দ্বগ্ধ আরও ঢামেকের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম নুর ইসলাম (৪০)। তিনি গাড়িচালক ছিলেন। এ নিয়ে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জন মারা গেছেন। এদিকে এ ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন। আজ (২২ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় প্রীতি গ্রুপের ছয়জন কর্মকর্তার নাম দিয়ে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, অপরিকল্পিতভাবে বিপজ্জনক অবস্থায় এলপিজি গ্যাস সিলিন্ডার স্থাপন ও রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ এনে ছয় জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- প্রিটি কম্পোজিট টেক্সটাইলের জিএম মো. সোহেল রানা, এজিএম মো. মহিউদ্দিন, ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন, কারখানার ইঞ্জিনিয়ার মো. রাজীব হোসেন এবং দুই হেলপার মো. আল আমিন ও মো. এনামুল। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, প্রীতি কম্পোজিট টেক্সটাইল গ্রুপের সিইও পদে রয়েছেন রাজীব আহমেদ তালুকদার পিয়াল। তিনি কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ২০২৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার মা পারভীন তালুকদার প্রীতি গ্রুপের পরিচালক, যিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। কারখানার এমডি হিসেবে রয়েছেন রেজিন আহমেদ তালুকদার। তবে মামলায় এদের কাউকে আসামি করা হয়নি।
এ বিষয়ে ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে তাৎক্ষণিকভাবে যাদের সরাসরি দায়িত্বে অবহেলা পাওয়া গেছে, আপাতত এজাহারে তাদের নামই অন্তর্ভুক্ত করা হয়েছে। মালিকপক্ষের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। তদন্ত চলমান রয়েছে, পরবর্তীতে তদন্তে যাদেরই গাফিলতি বা সম্পৃক্ততার প্রমাণ মিলবে, তাদেরই আইনের আওতায় আনা হবে।
আই/এ