সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ছয় দফা হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
শুক্রবার (৩০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
তার দাবি, দেশটির পূর্ব ও পশ্চিম উপকূল থেকে শুরু করে রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরান পর্যন্ত বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে ইরানের রাজধানী তেহরানে সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে বিরল এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে আঞ্চলিক বিরোধগুলো সংলাপের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হয় দুই পক্ষ।
তবে ওই বৈঠকের পরও সৌদি আরব এবং ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাওয়ার দাবি করেছে হুথিরা।
এমএ//