দেশে গেল ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহে একজন এবং বরিশালে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জন মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে পৌঁছেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ১২৮ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত সংক্রমণের সংখ্যা বেড়ে ২২ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
এমএ//