গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওষুধ কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসকর্মীরা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে অগ্নিকাণ্ডের স্থানটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এসি//