অন্যান্য

সারজিস শেখ মুজিবকে ‘বাপ’ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলেছে: রাশেদ খান

বায়ান্ন প্রতিবেদন

শেখ মুজিবুর রহমানকে ‘বাপ’ ডাকতে ডাকতে সারজিস আলমের মুখে ফেনা উঠে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছাত্রলীগের পদ পাওয়ার আশায় সারজিস আলম একসময় সাদ্দাম-ইনানের পা চাটতেন বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আন্দোলন-সংগ্রাম নিয়ে সারজিসের সমালোচনার জবাব দিতে গিয়ে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খান লেখেন, “ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে?”

গণ-অভ্যুত্থানে সারজিস আলমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তিনি লেখেন, “গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি!”

২০১৮ সালের পর আওয়ামী লীগবিরোধী আন্দোলনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে রাশেদ খান আরও লেখেন, “আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে!”

এ ছাড়া জুলাইয়ের আন্দোলনে সারজিস আলমের ভূমিকা এবং আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসা নিয়েও অভিযোগ তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, “জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে!”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ মুজিবুর রহমান #রাশেদ খান #সারজিস আলম