দেশজুড়ে

সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত

বায়ান্ন প্রতিবেদন

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ আদায় করে সকালে প্রাতঃভ্রমণে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তারা জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হেঁটে মহাসড়ক ধরে গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

অন্য পথচারীরা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুমিল্লা #মৃত্যু #গাড়ি চাপা #স্বামী-স্ত্রী