রাজনীতি

জ্বালানি সংকটে ৫৫ শতাংশ পোশাক কারখানার অর্ডার কমেছে বা বাতিল হয়েছে

গ্যাস ও বিদ্যুতের অভাবে গত আগস্ট-সেপ্টেম্বরে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার ক্রেতারা অর্ডার বাতিল করেছেন অথবা কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পের সংকট, এর কারণ, প্রভাব ও উত্তরণের পথ নিয়ে আলোচনায় তিনি এ তথ্য জানান।

নাজিবুর রহমান মোমেন বলেন,  ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ ছিল এবং ৮৭ শতাংশ কারখানা সময়মতো পণ্য পাঠাতে পারেনি। গত ৬ মাসে এ খাতে ১৯ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, ব্যবসায়ী সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও জ্বালানি বিশেষজ্ঞদের সমন্বয়ে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের সংকটকে শুধু শ্রমিক অসন্তোষ হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে দেশের রফতানি আয়, কর্মসংস্থান, শিল্পোৎপাদন ও অর্থনৈতিক স্থিতিশীলতা সরাসরি জড়িত। এ খাতে প্রায় ৪০ লাখ মানুষ কাজ করেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ কোটি মানুষের জীবিকা এ শিল্পের ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, তৈরি পোশাকশিল্পের বর্তমান সংকট অপ্রত্যাশিত ছিল না। বিরোধী দল কয়েক মাস আগেই সংসদে এ বিষয়ে সতর্ক করেছিল। গত ১৩ এপ্রিল বিজিএমইএ বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশ কমে যাওয়ার কথা জানিয়েছিল। ২২ এপ্রিল ব্যবসায়ী নেতারা সতর্ক করেছিলেন, বিদ্যুৎ সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে অন্য দেশে অর্ডার সরিয়ে নিতে পারেন।

জুলাইয়ে শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকট আরও তীব্র হয়। ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে জরুরি আলোচনা করে বিরোধী দল। ওই সময় বিশেষজ্ঞ ও সংসদ সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের দাবিও জানানো হয়েছিল।

 আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পোশাক কারখানা #জামায়াত