ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টানানোকে কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অবশেষে সেই ছবির ফ্রেম ভেঙে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালায় গিয়ে ফ্রেম ভেঙে ছবিটি ছিঁড়ে ফেলেন তিনি। তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগে ভর্তি হন। বর্তমানে ওই বিভাগের চতুর্থ বর্ষে তিনি অধ্যায়ন করছেন।
এসময় তিনি বলেছেন, “এদেশের ভাষা আন্দোলনের আসল নায়কদের বাদ দিয়ে পাকিস্তানের জাঁদরেল জিন্নাহর ছবি কেন ডাকসু রেখেছে তার জন্য প্রশাসন ও ডাকসুর নেতাদের জবাব দিতে হবে। যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সে জিন্নাহকে কীভাবে এখানে রাখে?
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সবজায়গায় রক্তগঙ্গা দিয়েছে। এখানে থাকতে হবে ভাষা আন্দোলনের নায়ক আবুল কাসেমের (ছবি)। এখানে থাকবে শেখ মুজিবুর রহমান, মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ।”
এসময় শিবির নিয়ন্ত্রিত ডাকসুর সমালোচনাও করেন তিনি। ২০২৫ সালে ডাকসু নির্বাচনে বয়জ্যোষ্ঠ সহ-সভাপতি পদে স্বতন্ত্রভাবে ভোট করে আলোচনার জন্ম দিয়েছিলেন।
এর আগে ডাকসুর সংগ্রহশালা থেকে দ্রুত মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন দ্বিচারিতা ও ভণ্ডামি করছে। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন করে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে ভূলুণ্ঠিত করেছে।
আই/এ