আন্তর্জাতিক

ইসলামাবাদে আজ ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা। বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং শহরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ইরানের প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক কর্মকর্তারা।

অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের। তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি ভবন, দূতাবাস এলাকা এবং আশপাশের সড়কে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সাংবাদিকদের জন্য নির্ধারণ করা হয়েছে জিন্নাহ কনভেনশন সেন্টার।

যদিও বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, তবুও শেষ পর্যন্ত আলোচনা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর অন্যতম কারণ লেবাননে চলমান সংঘাত। ইসরাইলের হামলা অব্যাহত থাকায় ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে, চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

উভয় পক্ষই আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও শর্ত পূরণ না হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ফলে এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে বড় ভূমিকা রাখতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ইরান #যুক্তরাষ্ট্র