সিরাজগঞ্জের যমুনা নদীতে বালুবাহী বলগেট ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালালেও প্রবল স্রোতের কারণে অভিযান বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া এলাকায় যমুনায় বলগেটটি ডুবে যায়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
এ ঘটনায় নিখোঁজ দুই শ্রমিক হলেন, নোয়াখালীর মাইজদী উপজেলার আন্তারচর এলাকার লোকমান হোসেন মৃধার ছেলে মোরশেদ (২৫)। তিনি বলগেটটিতে ইঞ্জিন মিস্ত্রির কাজ করতেন। অপর নিখোঁজ শ্রমিক ফয়সাল (১৯), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
দুর্ঘটনার সময় বলগেটটিতে ইঞ্জিনচালকসহ চারজন শ্রমিক ছিলেন। নদীতে স্রোতের চাপ বেড়ে গেলে বলগেটটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় দুজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও মোরশেদ ও ফয়সালের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক মো. শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে রোববার দিনভর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালালেও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। যমুনায় স্রোত অত্যন্ত বেশি থাকায় ডুবুরিদের পানির গভীরে গিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে সোমবার সকাল থেকে আবারও অভিযান চালানো হবে।
ধারণা করা হচ্ছে, বলগেটের ইঞ্জিন কক্ষে দুজন আটকে থাকতে পারেন। তবে স্রোতের কারণে ওই অংশে নিরাপদে পৌঁছানো যাচ্ছে না।এদিকে নিখোঁজের স্বজনরা নদীর পাড়ে অপেক্ষায় থেকে নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানের প্রহর গুনছেন।
আর/আই